টুইটারের ‘নীল পাখি’ হলো ‘এক্স’

২৪ জুলাই, ২০২৩ ০৪:২৮  

লোগো পরিবর্তনের ঘোষণার একদিন পরেই বদলে গেল মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ব্লু বার্ড লোগো। বিপুল অঙ্কে টুইটার কিনে নেওয়ার পর নানা পরিবর্তনের ভেতর দিয়ে যাওয়া টুইটারের লোগো পরিবর্তনের মাধ্যমে কোম্পানির রিব্র্যান্ডিং শুরু করেছেন ইলন মাস্ক। যদিও এতে সোশ্যাল মিডিয়াটির ব্যবহারকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিপণন সংশ্লিষ্টরা।

গত ২৩ জুলাই ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন যে বদলে যেতে পারে টুইটারের লোগো। এবার সত্যিই বদলে গেলো টুইটারের সেই চিরচেনা লোগো। টুইটারের ব্লু বার্ডের বদলে এখন দেখা যাচ্ছে ইংরেজি বর্ণ ‘এক্স’ । সোমবার সকাল থেকেই ব্যক্তিগত অ্যাকাউন্টের প্রোফাইল ছবি পরিবর্তন কালো ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের ইংরেজি ‘এক্স’ অক্ষর সংবলিত লোগো ব্যবহার করছেন। সেই সঙ্গে তিনি টুইটে বলেছেন, ‘আমরা সব ব্লু বার্ড খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলব।’

এর আগেও ব্লু বার্ড বদলে একটি কুকুরের ছবি দিয়ে রেখেছিল ইলন মাস্ক। সেটা মজার ছলে করলেও এবারের বিষয়টি একেবারেই মজা নয়। এক টুইট বার্তায় ইলন মাস্ক জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাতে যাচ্ছেন তারা।

টুইটারের নতুন মালিক ইলন মাস্ক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো একটি টুইটে লেখেন, ‘এক্স চলে এসেছে! আসুন আমরা এগিয়ে যাই’। ইয়াকারিনো একইসঙ্গে সান ফ্রানসিসকোতে টুইটারের অফিসের ওপর প্রক্ষেপণ করা নতুন লোগোর একটি ছবি দেন।

আপাতত ইয়াকারিনো ও মাস্কের টুইটার অ্যাকাউন্টে এক্স লোগোটি দেখা যাচ্ছে। তবে এই প্ল্যাটফর্মের অন্যান্য অংশে এখনো নীল রঙের পাখি সম্বলিত লোগোর উপস্থিতি রয়েছে। ধারণা করা হচ্ছে খুব শিগগির টুইটারের লোগোতে ব্লু বার্ডের বদলে দেখা যাবে ইংরেজি বর্ণ ‘এক্স’।

মূলত টুইটার এখন ‘এক্স ক্রপ’ নামক নতুন একটি কোম্পানির অংশ হতে চলেছে। এই বিষয়ে খানিকটা আভাস দিলেন ইলন মাস্ক। টুইটারের লোগো বদলে ‘এক্স’ হওয়ার পেছনে এটাই কারণ হতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।